এনটিএমসি বন্ধ ও ব্যক্তিগত ডাটার মালিকানা দাবি

১৫ সেপ্টেম্বর, ২০২৪ ১৯:৩৫  

অবিলম্বে ফোনে আড়িপাতায় বিতর্কিত সংস্থা ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারকে (এনটিএমসি) বন্ধ করে দেয়ার দাবি জানিয়েছেন টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। এছাড়াও দ্রুততম সময়ের মধ্যে একটি মিডিয়া কমিশন ও জুলাই অভ্যুত্থান কমিশন গঠনের পরামর্শ দিয়েছেন ব্যারিষ্টার ব্যারিস্টার সারা হোসেন। আর ডাটা সুরক্ষার পাশাপাশি এর মালিকানা সুনিশ্চিত করা এবং নাগরিকদের ক্ষমতায়নে ডেটার ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেছেন বিডিজবস প্রতিষ্ঠাতা ফাহিম মাশরুর।

রবিবার বিকেলে দ্য ডেইলি স্টার ও টেক গ্লোবাল ইনস্টিটিউটের যৌথ উদ্যোগে কাওরান বাজারে ডেইলি সেন্টার ভবনে অনুষ্ঠিত আলোচনা সভায় এই পরামর্শ দেন বক্তারা। ‘নতুন বাংলাদেশের জন্য নতুন ডিজিটার ভিশন’ শিরোনামের বৈঠকে ড. ইফতেখারুজ্জামান বলেন, ‘ বিগত সময়ে বাক স্বাধীনতা খর্ব করে দেশেকে সার্ভেইলেন্স বেইজড সোসাইটি বা নজরদারিভিত্তিক সমাজে পরিণত করা হয়েছিল। আর এর পেছনে ছিলো এনটিএমসি। আইনের তোয়াক্কা না করে এরা ব্যক্তির তথ্যসুরক্ষা অধিকার ভেঙেছে। তাই এদের অবিলম্বে বন্ধ ঘোষণা করা উচিত।

অপরদিকে ফাহিম মাশরুর বলেন, দেশে একটি এনআইডি র বিপরীতে ১৫টি সিম ইস্যু করা যায়। পাশাপাশি প্রচুর ভুয়া সিম দিয়ে ভুয়া এমএফএস একাউন্টও তৈরি হচ্ছে। এর ফলে ডিজিটাল অপরাধ সনাক্ত ও রোধ করা যাচ্ছে না।

টেক গ্লোবাল ইনস্টিটিউটের প্রধান সাবহানাজ রশীদ দিয়া’র সঞ্চালনায় সভায় অন্যান্যদের মধ্যে আলোকচিত্রী ড. শহিদুল আলম এবং ডেইলি স্টারে কর্মরত তানজিম ফেরদৌস বক্তব্য রাখেন।